‘যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা’- এ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও সুন্দর মুক্তাগাছা গড়ে তোলার লক্ষ্যে মুক্তাগাছা পৌরসভার নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে পৌর শহরে অবস্থিত ‘মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে) পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। মুক্তাগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিষদ চত্বরে বিভিন্ন কার্যালয়ের আঙিনা, বাগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযান শেষে পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র বলেন, নিজেদের কার্যালয় এবং কার্যালয় চত্বর যদি পরিস্কার না থাকে তবে, মানুষ কিভাবে উৎসাহী হবে। এ জন্য নিয়মিতভাবে প্রতি শনিবার আমাদের এ পরিচ্ছন্ন কার্যক্রম চলবে। আজকের আিভযানের পর দেখুন কতো পরিচ্ছন্ন লাগছে এ চত্বরটা। পরিচ্ছন্ন পরিবেশে কাজের কর্মচাঞ্চল্য বাড়বে। এ ছাড়াও প্রতি মাসের ১তারিখ সকল কার্যালয়ে পরিচ্ছন্ন কার্যক্রম চলবে। “মুক্তাগাছাকে সবার জন্য একটি আদর্শ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে অংশগ্রহণকারী সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর শুরুটা হতে হবে নিজের থেকে। তিনি জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা সহ উপজেলা ও পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।