দুর্গাপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫২ পিএম
দুর্গাপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী আড়াপাড়া ও বিজয়পুর যুদ্ধের বিকৃত ইতিহাস প্রচার এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে অবমূল্যায়নের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের(এডহক কমিটি) উদ্যোগে সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে মুক্তিযুদ্ধের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন,দুর্গাপুরের তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী কর্মকান্ড পরিচালনা করছেন। সম্প্রতি তিনি সংবাদিকদের মিথ্যা তথ্য প্রদান এবং অনলাইনে আড়াপাড়া যুদ্ধের বিকৃত ইতিহাস প্রচার করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মান-সম্মান ক্ষুণ্ন করেছেন।


সংবাদ সম্মেলনে ১৯৭১ সালের ৩০ আগস্ট সংঘটিত আড়াপাড়া যুদ্ধের প্রকৃত বিবরণ তুলে ধরে তাঁরা বলেন, এই যুদ্ধটি বীর মুক্তিযোদ্ধা এম.এ রব খলিফার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, যিনি আজও জীবিত আছেন। অথচ সোহরাব হোসেন তালুকদার দাবি করেছেন যে এটি নেতৃত্ব ছাড়াই হয়েছিল, যা সম্পূর্ণ মিথ্যাচার। এমনকি এই যুদ্ধে সোহরাব হোসেন নিজেও উপস্থিত ছিলেন না।

সম্মেলনে আরো দাবী করা হয়,আড়াপাড়া যুদ্ধে ২ জন মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছিলেন। তাঁদের মধ্যে অশেষ বাউল গুলিবিদ্ধ অবস্থায় সহযোদ্ধাদের সহায়তায় ফিরতে সক্ষম হলেও আব্দুল জব্বার মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে পাক হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে বিরিশিরি বধ্যভূমিতে নির্যাতন চালিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। বিরিশিরি বধ্যভূমিতে শহীদ হিসেবে তাঁর নাম লিপিবদ্ধ রয়েছে। আড়াপাড়ায় তাঁর কোনো দাফন বা কবর তৈরি হয়নি, কিন্তু সোহরাব হোসেন এ বিষয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন।


তাছাড়া আরো অভিযোগ রয়েছে যে, দুর্গাপুর উপজেলা কমান্ড কাউন্সিলের আয়োজনে আড়াপাড়ায় কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে সোহরাব হোসেন দাবি করলেও, প্রকৃতপক্ষে কমান্ড কাউন্সিলের সাথে কোনো পরামর্শ ছাড়াই তিনি নিজ উদ্যোগে মুক্তিযোদ্ধা কমান্ডের ব্যানার ব্যবহার করেছেন। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং নিজের নেতৃত্ব জাহির করার জন্য দুর্গাপুরের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় ইতিহাসকে বিকৃত করেছেন সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার। দেশের জন্য প্রাণ দেওয়া বীর সন্তানদের অবদানকে খাটো করার এই অপচেষ্টা শহীদদের আত্মার প্রতি চরম অবমাননা। সম্মেলন থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত সত্য তুলে ধরতে এবং ইতিহাস বিকৃতির এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে উপস্থিত সাংবাদিক ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,বীর মুক্তিযুদ্ধা আব্দুল আজিজ,বীর মুক্তিযুদ্ধা স্নিগদেন্দু বাউল, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী সহ অন্তত: ২৫জন।

আপনার জেলার সংবাদ পড়তে