খুলনার কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে উপজেলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা স্মরণ করে শিক্ষক সমাজ তাঁকে এ বিদায়ী শুভেচ্ছা জানায়। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এবং ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মোঃ আবুল কালাম আজাদ অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় রেখে শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁর কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ আচরণ উপজেলার শিক্ষক সমাজের কাছে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর নতুন কর্মস্থলে সাফল্য ও সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, সহকারী শিক্ষক, স্থানীয় সাংবাদিক এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদকে শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।