দেশীয় ও আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাঃ এ, জেড এম জাহিদ হোসেন। কোনো ধরনের ষড়যন্ত্র যেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান স্মরণ
করে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এ, জেড এম জাহিদ হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, ১৯৭৯ সাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বলীয়ান হয়ে অগণিত নেতাকর্মী দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছেন। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং পরবর্তীতে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছিলেন।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও স্বৈরাচার পরবর্তী সময়ে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। বর্তমান এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শক্তিকে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। সভায় আরও বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সবসময় মাঠে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনকল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ লালমনিরহাট জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মন্ত্রীর সাথে মতবিনিময় করেন। পরিশেষে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।