খুলনার কয়রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা ও তার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং মরহুম মাওলানা এ কে এম তমিজ উদ্দীনকে নিয়ে বিভ্রান্তিকর, আপত্তিকর ও মনগড়া বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখা। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি শেখ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদ বার্তায় বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে লাইভে মোশাররফ হোসেন রাতুল বিভিন্ন ব্যক্তির মাধ্যমে কয়রা উপজেলা জামায়াতে ইসলামী সহ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং মরহুম মাওলানা এ কে এম তমিজউদ্দীনকে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচারের বিষয়টি তুলে ধরেন। বিষয়টি উপজেলা জামায়াতের দৃষ্টিগোচর হয়েছে।
জামায়াত নেতারা দাবি করেন, এসব বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা। কোনো ব্যক্তি বা মহলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জামায়াতে ইসলামী ও দায়িত্বশীল ব্যক্তিদের সম্পর্কে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর বক্তব্য প্রচার গ্রহণযোগ্য নয়। প্রতিবাদ বার্তায় আরও বলা হয়, মোশাররফ হোসেন রাতুল ও তার কতিপয় সহযোগী জামায়াত বিরোধী রাজনৈতিক দল ও ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে তারা মনে করেন। তাদের ভাষ্য, এর মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে যাচাই-বাছাই না করে কোনো বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।