বেতন নেই, উল্টো পত্রিকার বিল, অব্যাহতি নিলেন এক সংবাদকর্মী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫০ পিএম
বেতন নেই, উল্টো পত্রিকার বিল, অব্যাহতি নিলেন এক সংবাদকর্মী

বেতন-ভাতা ছাড়াই দায়িত্ব পালন, প্রতি মাসে পত্রিকা বিল বাবদ অর্থ পরিশোধের পাশাপাশি বিজ্ঞাপন সংগ্রহের চাঁপ থাকায় একটি জাতীয় দৈনিক পত্রিকার বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধির পদ থেকে অব্যাহতি নিয়েছেন সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল। মাজারুল ইসলামের দাবি, উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর জন্য কোনো নির্দিষ্ট বেতন বা সম্মানীর ব্যবস্থা ছিল না। বরং প্রতি মাসে এক হাজার টাকা পত্রিকা বিল অফিসে জমা দিতে হতো। পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন সংগ্রহের জন্য ফোনে চাঁপ প্রয়োগ করা হতো।

মাজারুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে কঠোর পরিশ্রম করে, নিজের পকেটের টাকা খরচ করে সংবাদ সংগ্রহ করে পাঠাই। তার ওপর আবার অফিসকে টাকা দিতে হবে, বিজ্ঞাপন সংগ্রহ করতে হবে। এটা সাংবাদিকতা নয়, এটা প্রহসন।

অব্যাহতি নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব। করপোরেট সাংবাদিক হিসেবে নয়, স্বাধীন নাগরিক সাংবাদিক হিসেবে। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও এলাকার বিভিন্ন বিষয় লেখনীর মাধ্যমে তুলে ধরব। মাজারুলের ভাষ্য, মফস্বল পর্যায়ে কর্মরত অনেক সাংবাদিকই নানা ধরনের আর্থিক ও পেশাগত সীমাবদ্ধতার মধ্যে কাজ করছেন। নিজ খরচে সংবাদ সংগ্রহ, যাতায়াত ও অন্যান্য ব্যয় বহনের পাশাপাশি আর্থিক চাঁপ থাকায় তৃণমূল পর্যায়ের সাংবাদিকতা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

তিনি মনে করেন, সংবাদকর্মীদের শ্রমের যথাযথ মূল্যায়ন না হলে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে মফস্বলের সাংবাদিকেরা স্থানীয় মানুষের সমস্যা, অনিয়ম, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় সাংবাদিকদের মতে, মফস্বল পর্যায়ের প্রতিনিধিদের ন্যূনতম সম্মানী ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সংবাদকর্মীদের ওপর অযাচিত আর্থিক চাপ না থাকলে স্থানীয় সাংবাদিকতা আরও শক্তিশালী ও জনবান্ধব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে