অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সেদিকে বর্তমান সরকার বিশেষ নজর দিয়েছে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজ যারা মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সামনে এগিয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় এমপির নিজ বাসভবন শহরের মুনিরা ভবনের হলরুমে সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার শিক্ষা অনুদান তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এই সহায়তাকে শুধু আর্থিক সহযোগিতা হিসেবে না দেখে সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করতে হবে। ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি অন্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।