চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাস্তবায়নে এই কর্মসূচির আওতায় আগামী পাঁচ দিনে পৌরসভার ৯টি ওয়ার্ডে তিন শতাধিক পথ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাসসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্কের সংক্রমণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন।