রাঙ্গামাটিতে নিজ পিতাকে নৃশংসভাবে হত্যার দায়ে ছেলে ও ভাইপোর মৃত্যুদণ্ড

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৭ পিএম
রাঙ্গামাটিতে নিজ পিতাকে নৃশংসভাবে হত্যার দায়ে ছেলে ও ভাইপোর মৃত্যুদণ্ড

রাঙ্গামাটির সাজেকে নিজের জন্মদাতা পিতা শান্তি লাল চাকমাকে (৫৬) নৃশংসভাবে হত্যা করার দায়ে আসামি ছেলে সোহেল চাকমা (২২) ও নিহতের ভাইপো আলোময় চাকমাকে (৩২) সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করেছেন রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে উভয় আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার উত্তর ভাইবোন ছড়া এলাকায় নিজ বাড়ি থেকে শান্তি লাল চাকমাকে ডেকে বের করে আসামিরা। পরবর্তীতে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে এবং ধারালো দা দিয়ে জবাই করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যা নিশ্চিত করার পর নিহতের মৃতদেহ পাশের গঙ্গারাম নদীতে ফেলে দেয়।

ঘটনার ৯ দিন পর কাচালং নদী থেকে পুলিশ ভিকটিমের গলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষের  সাক্ষীগণের সাক্ষ্যগ্রহণ এবং নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

রায়ে উল্লেখ করা হয়, আসামি আলোময় চাকমা বর্তমানে পলাতক থাকায় তার গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর এ রায় কার্যকর হবে। অন্যদিকে কারাগারে আটক থাকা আসামি সোহেল চাকমাকে সাজা পরোয়ানাসহ জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে