রাজশাহীর পবা উপজেলার কাটাখালী সমসাদীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণ করায় আলিফ ট্রেডার্স বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পবা উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, আলিফ ট্রেডার্স বেকারি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। একই সঙ্গে পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করারও প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।