উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ পিএম
উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে প্রথম কমিউনিটি কাবাডি পুলিশ চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উলিপুর মিনি স্টেডিয়াম মাঠে উলিপুর থানার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় উলিপুর পৌরসভা চ্যাম্পিয়ন এবং দুর্গাপুর ইউনিয়ন রানার্সআপ হয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ।

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, ১নং যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট কামাল কবির লিটন, পৌর বিএনপি'র আহ্বায়ক নুর মুহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব স্বপন কুমার সাহা, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক খেলোয়াড়, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে এ ধরনের আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সম্প্রীতি বাড়াতেও সহায়ক। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আপনার জেলার সংবাদ পড়তে