কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। এম এ খালেক গাংনী বাজারপাড়ার মোজাহার বিশ্বাসের ছেলে ও গাংনী উপজেলা পরিষদের একাধিকবার চেয়ারম্যান ছিলেন। দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই আতিক বলেন, এম এ খালেকের পাসপোর্ট এন্টি করার সময় সার্ভারে কালোতালিকাভুক্ত দেখতে পায় এরপর তাকে গ্রেফতার করে দুপুর ১ টায় মেহেরপুর ডিবি পুলিশের এসআই কাজলের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
এম এ খালেকের ছোট ছেলে আসিফ রেজা জানায়, তার বাবা সকল মামলায় জামিনে রয়েছেন। অসুস্থ থাকায় ভিসা নিয়ে চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালোর ডাক্তার দেবী শেঠির কাছে যাওয়ার কথা ছিল।কিন্তু দর্শনা ইমিগ্রেশনে পাসপোর্ট সাবমিট করার পর পুলিশ তাকে আটক করে।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে গ্রেফতার করা হয়েছে। কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।