শেরপুরে হামলা ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) :
| আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৮ পিএম | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৭ পিএম
শেরপুরে হামলা ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের ভয়ভীতি দেখানো ও চাঁদা দাবির অভিযোগে জাকারিয়া সরকার জীবন (৩২) নামে উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাকারিয়া খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে এবং শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকেলে পৌর শহরের ফলপট্টি এলাকার ‘মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর কার্যালয়ে কয়েকজন যুবকসহ জাকারিয়া প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, হামলা ও চাঁদাবাজির অভিযোগে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার জেলার সংবাদ পড়তে