গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটার দিকে কাপাসিয়ার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, গাজীপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রামট্রাক ও সিএনজি সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় অন্তত পাঁচ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় ছয়জনই সিএনজির যাত্রী ছিলো বলে স্থানীয় বাসিন্দারা জানান।
কাপাসিয়া থানার টোক তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার্বিক সহযোগিতা করেছে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিয়া হক বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাঁরা সবাই চিকিৎসাধীন রয়েছেন।