উৎসবমুখর পরিবেশে

টাঙ্গাইল জেলা টাইলস শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ চলছে

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৬ পিএম | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৫ পিএম
টাঙ্গাইল জেলা টাইলস শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ চলছে

অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইল জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিক ইউনিয়নের(রেজি.নং-৪২৫৬ ও ৪৬২৬) ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শহরের বটতলাস্থ সিঅ্যান্ডবি রোডের ইউনিয়ন কার্যালয়ে এই ভোটগ্রহণ শুরু হয়- যা কোনো বিরতি ছাড়াই একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

জেলা মোজাইক টাইলস, মার্বেল ও গ্রানাইড, ফিটিংস শ্রমিকদের এই শীর্ষ সংগঠনের নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট প্রদানের সুবিধার্থে ইউনিয়ন কার্যালয়ে ৩টি পৃথক বুথ স্থাপন করা হয়েছে- যেখানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ব্যালটের মাধ্যমে নির্বাচিত করছেন। নির্বাচন কেন্দ্র ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ভোটগ্রহণের সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ভোটাররা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে আসতে পারছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২২ জন। সংগঠনের মোট ৯টি সাংগঠনিক পদের মধ্যে ৬টি পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা নিজ নিজ পক্ষে ভোটারদের রায় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত তৎপর রয়েছেন।

অন্যদিকে, ইউনিয়নের মোট ৯টি পদের মধ্যে ৩টি সাংগঠনিক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন- সহ-সভাপতি পদে আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহব উদ্দিন এবং ক্রীড়া সম্পাদক পদে মো. আজিজুল হক। বাকি ৬টি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হচ্ছে। 

এবারের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন একেএম মনিরুল হক (ভিপি মনির)। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, বিশিষ্ট আইনজীবী সৈয়দ সাইফুল ইসলাম টিটু এবং সমাজসেবক আলাউদ্দিন লিটু। নির্বাচন কমিশনাররা জানিয়েছেন, ভোটারদের সার্বিক নিরাপত্তা ও একটি সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। পুলিশের সহায়তায় অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম এগিয়ে চলছে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হবে এবং রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে