কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক চারটি অভিযানে ভারতীয় ২০ বোতল মদ, ২০ বোতল ফেন্সিডিল, ৩,৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৯৩ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য (পনের লক্ষ ছয় হাজার একশত পনের) টাকা।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ ও ১,৩০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য(চার লক্ষ বিশ হাজার) টাকা।
পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর শনিবার আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠ নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১,২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৫৩ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ বাষট্টি হাজার নয়শত পনের) টাকা।
এছাড়া শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ দুই হাজার দুইশত) টাকা। অন্যদিকে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল ফেন্সিডিল ও ১,৫৭০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (চার লক্ষ ঊনআশি হাজার) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালানমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।