হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিএনপি দেশের একটি জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল। সরকারি অনুদান বিতরণ, উন্নয়ন কর্মকাণ্ডসহ কোনো সরকারি কাজে দুর্নীতির সুযোগ নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অন্যায়-অনিয়ম করলে তার দায় বিএনপি নেবে না। দলীয় লোক হলেও অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। রোববার সকালে মাধবপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মো. ফয়সল বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। সার নিয়ে যাতে কেউ অপরাজনীতি করতে না পারে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর রাখতে হবে। কেউ সার কালোবাজারি করলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে দলীয় লোক জড়িত থাকলেও তাকে শাস্তির আওতায় আনা হবে।
তিনি বলেন, বিএনপিতে চাঁদাবাজি, অন্যায় ও জুলুমের কোনো স্থান নেই। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় কাজ করলে তার দায় দল নেবে না। তিনি সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এমপি ফয়সল আরও বলেন, বিগত সরকার দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশের বিভিন্ন ক্ষেত্রে অনেক উন্নয়ন করেছেন। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছেলেমেয়েদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের কারণে আমাদের প্রজন্মের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দেশ আমাদের, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনের উদ্যোগ নিয়ে তাদের সহযোগিতা করতে হবে। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সরকার তাদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি। এতে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আজিজ, ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহসভাপতি ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী প্রমুখ।