ভারতে যাওয়ার পথে জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫১ পিএম
ভারতে যাওয়ার পথে জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক

দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, দাপ্তরিক সিল, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে বিজিবি। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোংলামবস্তি চা বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছে এ ঘটনা ঘটে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি এ বিষয়ে প্রেসকে অবহিত করে। আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত।

বিজিবি সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত সুশান্ত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসও তার অবস্থান সম্পর্কে খোঁজ নিচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুশান্ত বিজিবিকে জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে যান এবং সেখানে একটি হোটেলে অবস্থান করেন। পরে এক দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

বিজিবি জানায়, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টার সময় টহলদল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে সুশান্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে