গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৪ পিএম
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে এখনো জাতীয় সংসদ থেকে কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে ইসিকে চিঠি দিয়েছিল। তবে শুধু দলের চিঠির ভিত্তিতে তাঁর সংসদ সদস্য পদ নিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনকে জানানোর বিধান রয়েছে।

তিনি বলেন, “সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে স্পিকারের কাছ থেকে আমরা এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ইসি সচিব আরও বলেন, “সংসদ সচিবালয় থেকে আমাদের জানানোর বিধান রয়েছে। এখনো চিঠি আসেনি, অপেক্ষা করতে হবে।”

নির্বাচন কমিশনের দায়িত্বের বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, সংসদ নির্বাচন ও গেজেট প্রকাশ পর্যন্ত ইসির দায়িত্ব। শপথ এবং এর পরবর্তী বিষয়গুলো জাতীয় সংসদের এখতিয়ারভুক্ত।

গাজী নজরুল ইসলামকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয় গত ২০ জুলাই রাতে। ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়ম খাতুনের সঙ্গে তাঁর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে জামায়াতে ইসলামী সংশ্লিষ্টরা ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি বলে দাবি করেন। পরে গাজী নজরুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই তরুণীকে তাঁর দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

এরপর দলীয় তদন্তে নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয় দলটি।

এর আগে ২৩ জুলাই জামায়াতের চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছিলেন, দল থেকে বহিষ্কার করা হলেও এ কারণে ইসির সরাসরি কিছু করার সুযোগ নেই। তবে কোনো সংসদ সদস্য স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করলে তাঁর সদস্য পদ শূন্য হওয়ার বিষয়টি প্রযোজ্য হতে পারে। স্পিকার বা জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স বা চিঠি এলে আইন ও সংবিধান পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল ইসি।

এদিকে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।

ওই ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সোমবার গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ অবস্থায় গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও ইসির অবস্থান স্পষ্ট। সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিক চিঠি না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে না।

আপনার জেলার সংবাদ পড়তে