মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধভাবে পাইপের মাধ্যমে বালু ভরাট কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু ভরাটে ব্যবহৃত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ পাইপ বিনষ্ট করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা এবং মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী পাইপ বসিয়ে অবৈধভাবে বালু ভরাট করে আসছিল—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাটে ব্যবহৃত প্রায় ১ কিলোমিটার পাইপ ভেঙে বিনষ্ট করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণকে অবৈধ বালু ভরাটের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করা হয় এবং এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান জানান, অবৈধ বালু ভরাটের কারণে স্থানীয় পরিবেশ, রাস্তাঘাট ও ঘরবাড়ির মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।