নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের আলাদিগ্রাম বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে এনামুল হক নামের এক বিএডিসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়ির চর ইউনিয়নের আলাদিগ্রাম বাজারে স্থানীয় ভুক্তভোগী কৃষকদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলাদিগ্রাম বাজারের ওই সার ডিলার সরকারি নিয়মকানুন উপেক্ষা করে ইউরিয়া, টিএসপি সহ বিভিন্ন প্রকার সার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন। স্থানীয় কৃষকদের একাধিক অভিযোগের সত্যতা যাচাই করতে বাজারে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ডিলার এনামুল হককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ভবিষ্যতে নির্ধারিত দামে সার বিক্রি করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের বাজারমূল্য স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। কোনো বিক্রেতা বা ডিলার অসাধু উপায় অবলম্বন করে কৃত্রিম সংকট বা বেশি দাম নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।