বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৯ পিএম
বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়বে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগ্রহীত

শিক্ষার্থীদের এগিয়ে নিতে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে মার্কেটিং বিভাগ অ্যালামনাই আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। দেশের বৃহৎ উদ্যোক্তাদেরও শিক্ষা ও শিল্পের যৌথ অংশীদারিত্বে এগিয়ে আসতে হবে। কিন্তু বর্তমানে দেশের বড় উদ্যোক্তারা শিক্ষা ও শিল্পের মধ্যে যৌথ অংশীদারিত্বের বিষয়ে যথেষ্ট মনোযোগী নন।

ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে বেসরকারি খাতের বড় উদ্যোক্তাদের শিক্ষা খাতে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের মতো ভিসির পদ ছেড়ে রাজনৈতিক সংগঠনের সভাপতি হওয়ার মতো আকাঙ্ক্ষাকে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না।

আওয়ামী লীগ শাসনামলের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের সবচেয়ে অত্যাচারিত ও নিপীড়িত পরিবার হলো শহিদ জিয়ার পরিবার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনা ও মেধা বিকাশে বৃত্তির গুরুত্ব নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের বিভিন্ন ব্যাচের ৯০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।

প্রত্যেক শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে মোট ২১ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে।

শিক্ষা খাতে সরকারি বরাদ্দ পর্যায়ক্রমে বাড়ানোর কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে