সিলেট নগরের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ব্যবসায়ী সংগঠন ও মেলার আয়োজকেরা। একদিকে মেলা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে ধারাবাহিকভাবে স্মারকলিপি দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। অন্যদিকে প্রয়োজনীয় অনুমোদন নিয়েই মেলার প্রস্তুতি চলছে দাবি করে নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন মেলার আয়োজকেরা। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আগামী ১০ অক্টোবর থেকে শাহী ঈদগাহ মাঠে শুরু হওয়ার কথা রয়েছে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’। ইতোমধ্যে মেলা আয়োজনের জন্য মাঠে অবকাঠামো নির্মাণ, আলোকসজ্জা, প্রবেশদ্বার, অফিসসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মেলার প্রস্তুতিও চলছে জোরেশোরে।
তবে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের বিরোধিতা করেছে সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। নগরীতে ঘন ঘন স্থানীয় মেলা ও অস্থায়ী বাজার আয়োজনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন অভিযোগ তুলে মেলা বন্ধের দাবি জানানো হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং সিলেট টেপবল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এর পরদিন ২১ সেপ্টেম্বর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারাও জেলা প্রশাসক ও সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়ে মেলা বন্ধের দাবি জানান। এর আগে ১৭ সেপ্টেম্বরের দিকে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ঝগঈঈও) স্থানীয় ও পণ্যভিত্তিক মেলার অনুমতি না দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয়।
অন্যদিকে মেলার আয়োজকেরা বলছেন, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিয়েই মেলার আয়োজন করা হচ্ছে। আয়োজকদের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পার দাবি, মেলা আয়োজনের বিষয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর অনুমোদন রয়েছে। মেলা চলাকালে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সিলেট মহানগর পুলিশের প্রয়োজনীয় সহযোগিতার অনুমোদন রয়েছে বলে জানান তিনি। মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে গত ২২ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আয়োজকেরা। এতে মেলা শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের অনুরোধ জানানো হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, মেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা জোরপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিরোধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। একই মাঠে একদিকে মেলার অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলছে, অন্যদিকে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী সংগঠনগুলোর ধারাবাহিক স্মারকলিপি দেওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে সিলেটে আলোচনা তৈরি হয়েছে। মেলা আয়োজন নিয়ে ব্যবসায়ী সংগঠন ও আয়োজকদের অবস্থানও স্পষ্ট হয়ে উঠেছে। তবে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, শাহী ঈদগাহ মাঠে মেলা হবে। এখন পর্যন্ত মেলা বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।