রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ পেলেন পিপিএম-সেবা পদক

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪১ পিএম
রাজশাহী রেঞ্জ ডিআইজি আশিক সাঈদ পেলেন পিপিএম-সেবা পদক

সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেতে যাচ্ছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর নাম পিপিএম-সেবা পদকের জন্য চূড়ান্ত করা হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সেবা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের এ পদক দেওয়া হচ্ছে।

এবার মোট ৯২ জন পুলিশ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদকের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ১২ জন, বিপিএম-সেবা ১৮ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা) ৪৪ জন রয়েছেন। ডিআইজি মো. আশিক সাঈদ রয়েছেন পিপিএম-সেবা পাওয়া ৪৪ জনের তালিকায়। ডিআইজি আশিক সাঈদ বর্তমানে রাজশাহী রেঞ্জের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি পুলিশ সদস্যদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে জনসাধারণের সঙ্গে মানবিক ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এক বিশেষ কল্যাণ সভায় তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করা পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। ডিআইজি আশিক সাঈদের এই পদকের জন্য মনোনয়ন রাজশাহী রেঞ্জ পুলিশের জন্যও গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে