জয়পুরহাট-হিলি মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের হিলি জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ ও সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে এ চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। প্রথম পর্যায়ে ২৩ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের মাঝে প্রায় ১০ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। হিলি জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত সড়ক নির্মাণ ও সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে তাদের এ ক্ষতিপূরণ দেওয়া হয়। চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সড়ক উন্নয়ন ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে জমি অধিগ্রহণের প্রয়োজন হলে ক্ষতিগ্রস্তদের আইনানুগ ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সহযোগিতার পাশাপাশি তাদের ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্ষতিপূরণের চেক পেয়ে ভূমি মালিকরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের কারণে ক্ষতিপূরণের অর্থ পাওয়ার অপেক্ষায় ছিলেন। অবশেষে চেক হাতে পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।
জয়পুরহাট (হিচমী)-পুরান আইপল-পাঁচবিবি-হিলি (শহর লিংকসহ) মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে হিলি স্থলবন্দরসহ এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।