চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে নদী ও লঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে এক যুবক মেঘনা নদীতে নিখোঁজ হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী ‘মুকবুল-২’ লঞ্চটি ষাটনলে যাত্রী নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লঞ্চ থেকে নামার পর ভুলবশত নিজের ব্যাগ ভেতরে রেখে এসেছেন মনে করে ওই যুবক আবার লঞ্চে ওঠেন। পরে পুনরায় ঘাটে নামার চেষ্টা করার সময় চালক হঠাৎ লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দিলে তিনি লাফ দিয়ে ঘাটে নামার চেষ্টা করেন এবং নদীতে পড়ে যান। ঘটনার পরপরই চালক লঞ্চটি নিয়ে চলে গেলে পরবর্তীতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা 'মুকবুল-২' লঞ্চটি এবং এর দুই স্টাফকে আটক করে।
খবর পেয়ে উদ্ধারকাজে যুক্ত হয় চাঁদপুর নদী ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর যৌথ ডুবুরি দল। ঘটনাস্থলে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ ও ফায়ার সার্ভিস কার্যালয় থেকে জানানো হয়েছে, নদীতে প্রচণ্ড স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হলেও ডুবুরি দল তল্লাশি অব্যাহত রেখেছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, নিখোঁজ যুবকের সন্ধানে সর্বোচ্চ উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।