জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের নাম উজ্জ্বল করা উশু তারকা জিন্নাত আক্তারকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। নারী ৫২ কেজি বিভাগে ব্রোঞ্জ পদকজয়ী এই ক্রীড়াবিদকে বিমানবন্দরে অভ্যর্থনা জানায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।
শুক্রবার(২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের (ঞএ ৩৩৯) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জিন্নাত আক্তার। বিমানবন্দরে পৌঁছানোর পরই বিওএ এবং বাংলাদেশ উশু ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
জিন্নাত আক্তারকে গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, বিওএর নির্বাহী কমিটির সদস্য রাসেল কবির সুমন এবং উশু ফেডারেশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এশিয়ান গেমসের মতো বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াযজ্ঞে জিন্নাতের এই অর্জনকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন বোদ্ধারা। তাঁর এই অর্জন দেশের উদীয়মান ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেতে নতুন অনুপ্রেরণা জুগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।