সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রুবেলকে ঘটনার পরপরই উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কোমরে গুলি লাগে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর আঘাত গুরুতর নয়।
বিমানবন্দর সূত্র জানায়, সকালে গাড়িতে করে রানওয়ে এলাকায় টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তাঁর কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে গিয়ে লাগে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো নিয়ম লঙ্ঘন বা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান। তিনি বলেন, ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।