চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আঁখি খাতুন (১১) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিবরামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আঁখি ওই গ্রামের বাসিন্দা হাসান আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার পর কোন এক সময় পরিবারের অগোচরে আঁখি ঘরের ভিতরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারে লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এদিকে আঁখি বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতা ভূগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।