চুড়ান্ত নিয়োগ দেয়ার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চুড়ান্ত মনোনয়নে বঞ্চিত প্রার্থীরা। শনিবার ( ২৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের প্রবেশ মুখে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় প্রবেশ মুখ তালাবদ্ধ ছিল। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন নিয়োগের দাবিতে। বক্তব্য রাখেন মিঠাপুকুর থেকে আসা
মাফরুহা আক্তার ও মোঃ সজিব মিয়া, পীরগাছা থেকে আসা দেবাশীষ চন্দ্র রায় প্রমুখ। অবস্থানে অংশ নেয়া নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষক পদে মনোনয়ন পাওয়ারা অভিযোগ করেন, ‘ পুলিশ ভেরিফিকেশনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও রংপুর জেলার ৬৫ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে নিয়োগের আশায় অপেক্ষা করছেন তারা। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। অবিলম্বে বঞ্চিত ৬৫ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার দাবি জানান তারা। নিয়োগ দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।