মোল্লাহাটে বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
মোল্লাহাটে বস্তাবন্দি শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা খাতুন (৭) নামে এক কন্যাশিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া গ্রামের একটি পানবরজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মুসলিমা খাতুন কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পানবরজের পাশে একটি প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা সেটি খুলে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় পানবরজের মালিক জাহাঙ্গীর (৫৫), তার ছেলে রমজান (২৩) ও আব্দুর রহমান (১৯) নামে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের দাবি, একপর্যায়ে শিশুটির বাবা, কাকাসহ স্থানীয় কিছু উত্তেজিত লোকজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে পানবরজের মালিক জাহাঙ্গীরের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার জেলার সংবাদ পড়তে