ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ব্যক্তিকে অবৈধ ভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তৎপরতায় ওই চেষ্টা প্রতিহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। রোববার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর ব্যাটালিয়নের(৫৮বিজিবি)আওতাধীন খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়,রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এ সময় খোশালপুর বিওপির টহল দলের নজরে পড়লে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,বিজিবির বাধার মুখে বিএসএফের ওই পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে।ওই ব্যক্তি বর্তমানে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন। বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে