নামসর্বস্ব ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন, অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধানে স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও বিতরণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা নথিতে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটির নামে অনুমোদিত ঋণের বড় অংশ উত্তোলনের পরও অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়নি।
দুদকের নথি অনুযায়ী, সালমান এফ রহমান, তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার অভিযোগ রয়েছে। ১৪টি প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের যোগ্যতা যথাযথভাবে যাচাই না করে জামানতবিহীন ৭ হাজার ১২৯ কোটি ৩০ লাখ টাকা ঋণ অনুমোদন, বিতরণ ও উত্তোলনের অভিযোগও অনুসন্ধানে উঠে এসেছে।
স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ২০২২ সালের আগস্টে ৯০ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে এর সীমা বাড়িয়ে ১৪৫ কোটি এবং সর্বশেষ ২০২৪ সালের জুনে ৫৪৫ কোটি টাকা করা হয়। অভিযোগ রয়েছে, পর্যাপ্ত জামানত না নিয়েই ঋণের সীমা বাড়ানো হয়েছিল।
দুদকের নথি বলছে, অনুমোদিত ৫৪৫ কোটি টাকার মধ্যে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা নগদে ও বিভিন্নভাবে স্থানান্তরের মাধ্যমে বিতরণ ও উত্তোলন করা হয়। ২০২৬ সালের ২৩ জুলাই হিসাবে ওই ঋণের স্থিতি সুদ ও অন্যান্য চার্জসহ ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা ছাড়িয়েছে।
ঋণের অর্থের প্রকৃতি, উৎস ও গন্তব্য আড়াল করতে নগদে উত্তোলন, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে বলেও অভিযোগ করেছে দুদক। রেকর্ডপত্রের ভিত্তিতে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে সংস্থাটির নথিতে উল্লেখ করা হয়েছে।
মামলার সুপারিশ করা ব্যক্তিদের মধ্যে সালমান এফ রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমান ছাড়াও স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মনজুর, পরিচালক ইশরাত জাহান এবং আইএফআইসি ব্যাংকের সাবেক ও বর্তমান একাধিক কর্মকর্তা রয়েছেন।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় মামলা করার সুপারিশ করা হয়েছে।