রাজধানীর বনানীর সাততলা বস্তি এলাকায় একটি ভবনের দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে খাদিজা আক্তার নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।রোববার দুপুর একটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা দুলাল এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, তিনি ময়লার কাজ করেন। সকালের দিকে শিশুটির মা কাজে ছিলেন। এই সুযোগে অসাবধানতাবশত বাসার দোতলার সিঁড়ি থেকে নিচে পড়ে যায় খাদিজা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানা এলাকায়। বর্তমানে তারা বনানীর সাততলা বস্তিতে থাকেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।