সুন্দরবনে ২ দিনে ২১ জেলে অপহরণ, জেলে মহাজনদের মাঝে আতঙ্ক

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১০ পিএম
সুন্দরবনে ২ দিনে ২১ জেলে অপহরণ, জেলে মহাজনদের মাঝে আতঙ্ক

পূর্ব সুন্দরবনে  আবারো দুটি বনদস্য বাহিনী মাথাচড়া দিয়া উঠেছে।  পৃথক স্থান থেকে বনদস্যুরা মুক্তিপনের দাবিতে আরো একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার দিবাগত রাতে সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় এ  অপহরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে  দুই দিনে ২১ জেলেকে অপহরণ ঘটনায় জেলে ও মহাজনদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  জেলেদের উদ্ধারের  জন্য প্রশাসনের হস্তক্ষে কামনা  করেছেন জেলের সংগঠন,  জেলে পরিবার ও মহাজনরা। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় রবিবার (২৭ সেপ্টেম্বর)   মোবাইল ফোনে বলেন, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সাগর সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, নারিকেলবাড়ীয়া ও আমবাড়ী এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে অজ্ঞাত পরিচয়ের বনদস্যুরা  হামলা করে প্রতি নৌকা থেকে একজন করে ১৫ জেলেকে ধরে নিয়ে  জেলেদের একটি ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। তাদের মধ্যে  ১০ জন জেলের নাম জানা গেছে। অপহৃত জেলেরা হচ্ছে, আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদাউস (২৮), এদের বাড়ী খুলনা এলাকায়   ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮),হানিফ (৩৮), মারুফ (৪৯)। এ জেলেদের বাড়ী বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকায়। এ সকল জেলে বন বিভাগের পাশ নিয়ে চরপাটা, পোকা জাল ও বড়শি দিয়ে সুন্দরবনের খালে মাছ ধরছিলো বলে ঐ ফরেষ্ট রেঞ্জার জানান। 

অপর দিকে, মোংলা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে মহাজন মোবাইল ফোনে জানান, শনিবার (২৬ সেপ্টেস্বর) দিবাগত গভীর রাতে বনদস্যু করিম-শরীফ বাহিনী সুন্দরবনের ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে দুই জেলেকে অপহরণ করেছে। অপহৃত এ জেলেরা হচ্ছে, মোংলার উলুকাটা চিলা এলাকার  ইমদাদুল ইজারদার, ও (৩০) মাসুদ ইজারাদার (২৮)। 

শরণখোলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে মহাজন বলেন,গত দুই দিনে ২১ জন জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের উদ্ধার ও দস্যু দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ দাবি করেছেন এই জেলে মহাজনরা। 

বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি দুলাল ফরাজী বলেন,  মুক্তিপনের দাবিতে বনদস্যু কর্তৃক অপহরণকৃত  জেলেদের উদ্ধারের  জন্য প্রশাসনের হস্তক্ষেপ  কামনা করেছেন। 

এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কোষ্টগার্ড পশ্চিমজোন মোংলার একজন কর্মকর্তা বলেন,সুন্দরবনে জেলে অপহরণের খবর তাদের জানা নেই। বিষয়টির খোঁজ খবর নিবেন বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে