মর্যাদাপূর্ণ ‘আনসাং ওমেন নেশন বিল্ডিং অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করায় শেরপুরের বিশিষ্ট সমাজকর্মী ‘মাদার তেরেসাখ্যাতি’ ও শেরপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শেরপুর শহরের একটি হোটেলে ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ী রাজিয়া সামাদ ডালিয়ার হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন ‘করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর প্রতিষ্ঠাতা ও আয়কর উপদেষ্টা সেরাজুল করিম পনির।
এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, মডেল গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক দিলরুবা বেগম রূপা, নজরুল মঞ্চের জেলা আহ্বায়ক ইমামুল হক ও অবসরপ্রাপ্ত ব্যাংকার মোশারফ হোসেন বক্তব্য দেন। বক্তারা রাজিয়া সামাদ ডালিয়ার দীর্ঘদিনের সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি শেরপুরবাসীর জন্য গৌরবের বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।