বাগেরহাটের মোল্লাহাটে রংধনু নারী উন্নয়ন সংস্থার আয়োজনে অনলাইন ও অফলাইন শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার কাহালপুর ডাঃ মনসুর আহমদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রংধনু নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোর্শেদা আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইনসিডিন বাংলাদেশের মোল্লাহাট উপজেলা কোঅর্ডিনেটর মোঃ মইন খান, রংধনু নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা এম এম মফিজুর রহমান, গাড়ফা পল্লী সমাজের সভানেত্রী লক্ষ্মী রানী, ইনসিডিন বাংলাদেশের কর্মকর্তা সৈয়দ মারুফুল ইসলামসহ রংধনু নারী উন্নয়ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী।
সভায় শিশুদের নিরাপত্তা, অনলাইন ও অফলাইন পরিবেশে শিশুদের সুরক্ষা, সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং শিশুদের অধিকার রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, শিশুদের নিরাপদ বিকাশের জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিশেষ করে অনলাইনভিত্তিক যোগাযোগ ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে শিশুদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন করে নিরাপদ ব্যবহারের পরিবেশ তৈরি করতে হবে।