সাতক্ষীরার অপতথ্য রোধে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার তাগিদ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২২ পিএম
সাতক্ষীরার অপতথ্য রোধে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার তাগিদ

‘অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষে আজ সোমবার এক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা নকশীকাঁথা ও উই ক্যান বাংলাদেশের যৌথ উদ্যোগে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। নাগরিক প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন, নাগরিকতা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। এতে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওসিসি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস এবং উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন, নাগরিকের অধিকার রক্ষা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারি দফতর থেকে তথ্য পাওয়ার আইনি প্রক্রিয়ার ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, অপতথ্য ও গুজব রোধে সঠিক তথ্য পাওয়ার অধিকার অত্যন্ত জরুরি। সংশ্লিষ্ট দফতরগুলোর তথ্য প্রদানকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণ বৃদ্ধি পেলে সরকারি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বহুলাংশে নিশ্চিত হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সহকারী অধ্যাপক শাহানা হামিদ, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, আইনজীবী মুনসুর আলী, সাংবাদিক আনিস সুমন, জয়িতা নারী সংগঠনের পরিচালক অষ্টমী ভালো ও সাবেক ইউপি সদস্য বেবী নাজনীনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। 

আপনার জেলার সংবাদ পড়তে