নৈতিকতা-মানবিকতায় গড়ে উঠুক আগামীর প্রজন্ম

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুন্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৭ পিএম
নৈতিকতা-মানবিকতায় গড়ে উঠুক আগামীর প্রজন্ম

শুধু পরীক্ষায় ভালো ফল নয়, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলিতে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেছেন, জ্ঞান ও নৈতিকতার সমন্বয়েই গড়ে উঠবে এমন একটি প্রজন্ম, যারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট কে এম হাইস্কুল প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (সা.), কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, বিদ্যালয় কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, শিক্ষার্থীর চরিত্র, চিন্তা ও ভবিষ্যৎ জীবন গঠনেরও গুরুত্বপূর্ণ জায়গা। তাই পড়াশোনার পাশাপাশি সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। নৈতিক শিক্ষায় সমৃদ্ধ একজন শিক্ষার্থী শুধু নিজের ভবিষ্যৎই গড়ে না, সমাজের জন্যও সম্পদ হয়ে ওঠে।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো ফলাফল অর্জন সাফল্যের একটি ধাপ মাত্র। এই সাফল্য ধরে রাখতে আরও অধ্যবসায়ী হতে হবে। আর যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। পরিশ্রম, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের পরামর্শ অনুসরণ করলে তারাও সামনে এগিয়ে যেতে পারবে।

শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে আসলাম চৌধুরী বলেন, সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের দিকে নজর দিলে হবে না। তাদের আচার-আচরণ, বন্ধুত্ব, দৈনন্দিন অভ্যাস ও প্রযুক্তি ব্যবহারের দিকেও অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিক্ষকদেরও পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখতে হবে।

ঈদে মিলাদুন্নবীর শিক্ষা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মহানবীর জীবন থেকে সততা, সহনশীলতা, মানবিকতা ও ন্যায়বোধের শিক্ষা পাওয়া যায়। এসব মূল্যবোধ শিক্ষার্থীদের জীবনে ধারণ করতে পারলে তারা বিপথগামী হওয়া থেকে নিজেদের দূরে রাখতে পারবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে। তবে প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর অপব্যবহার ও নেতিবাচক প্রভাব সম্পর্কেও সতর্ক থাকতে হবে। আধুনিক জ্ঞানের সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটানোই হওয়া উচিত শিক্ষার অন্যতম লক্ষ্য।

নিজের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রসঙ্গে আসলাম চৌধুরী বলেন, সাবেক শিক্ষার্থী হিসেবে ফৌজদারহাট কে এম হাইস্কুলের প্রতি তাঁর আলাদা দায়বদ্ধতা রয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, যুগ্ম আহ্বায়ক সালামত উল্ল্যাহ , বিএনপি নেতা সাইফুল হুদা মোহাম্মদ জাহাঙ্গীর, খম নাজিম উদ্দিন, আবুল হাশেম, জাহেদুল হাছান, আশরাফ আলী মেম্বার ও তারেক হোসেন।

পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতির পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার জেলার সংবাদ পড়তে