হোমনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে দোয়া

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৯ পিএম
হোমনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে দোয়া

কুমিল্লার হোমনায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভার শুরুতেই সাম্প্রতিক মর্মান্তিক ট্রলারডুবিতে হোমনা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা নিহত হেলাল মিয়া, তার মেয়ে সামিয়া, ছেলে সজীব ও শামীম এবং হেলাল মিয়ার ফুপু রায়েশা বেগমের বেহেশত কামনায় মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম। সভায় উপস্থিত সদস্যগণ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নৌপথের নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শেফালী বেগম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘারমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মোল্লা, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাব মিয়া ও আবু নাসের ওয়াহেদ সম্পদ প্রমুখ। এছাড়াও সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে