চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জিবিএমএস কর্মপরিকল্পনার আওতায় সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার পুনর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ রোধ, হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সামাজিক-নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। সূচনা বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিয়া খাতুন। সমাবেশে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান ও রহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয়রা। সমাবেশে বক্তারা এসব অগ্রাধিকারমূলক কর্মসূচি সফল করতে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।