রংপুরের তারাগঞ্জে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) হাড়িয়ার কুঠি ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চান্দের পুকুর এলাকায় আনসার-ভিডিপির নিজস্ব জমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হয়েছে। সরকারি নির্দেশনায় স্থানীয় পরিবেশ ও মাটির উপযোগী প্রজাতির গাছ লাগানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণয় অধিকারী, উপজেলা প্রশিক্ষক বিপ্লব রায়, সহকারি আনসার প্লাটুন কমান্ডার নারায়ণ চন্দ্র, ইউনিয়ন দলনেতা রুবেল চন্দ্র রায় ইউনিয়ন দলনেত্রী মোছাঃ রশিদা খাতুন সাবেক আনসার কমান্ডার মমতাজ আলীসহ ইউনিয়ন আনসার-ভিডিপির মহিলা-পুরুষ সদস্যরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।