ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় শিশু ও নারীসহ মোট ৬ জননাগরিককে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ব্যাটালিয়ানের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্র জানান, মহেশপুর ব্যাটালিয়ানের অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্ব পূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর নামক স্থানে নায়েব সুবেদার তাপশ কুমার সরকারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় ওই ৬জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।
বিজিবি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া হিসেবে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।