সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান, আট রাউন্ড গুলি, ৩০০ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছসহ বিভিন্ন অবৈধ মালামাল আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় মদ, আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।