বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের তিন দিন পর তাওসিফ (৯) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার ছোট কাচনা গ্রামের একটি স্থানীয় মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাওসিফ ছোট কাচনা গ্রামের জিহাদ মোল্লার ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তাওসিফ মৃগী রোগে আক্রান্ত ছিল। নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে স্থানীয় মৎস্য ঘেরে পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাওসিফের মৃত্যু নিয়ে কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।