দিনাজপুরের কাহারোল উপজেলার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রফুল্ল রায় কর্তৃক শিক্ষার্থীদের হেনস্থ করার অভিযোগ করেছেন এলাকার অভিভাবক ও সুধিজন। এলাকার আব্দুল মোত্তালেব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান শিক্ষক বেশ কয়েকজন শিক্ষার্থীদের হেনস্থ করেন। এই খবর অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়লে প্রধান শিক্ষক স্কুল থেকে সটকে পড়েন। ইউপি চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান কে খবর দিলে তিনি তাৎক্ষণিক স্কুলে আসেন। অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে রাত ৯টার সময় সমঝোতার আশ্বাস দেন চেয়ারম্যান। রাত ১০টা পর্যন্ত এলাকাবাসী চেয়ারম্যানের অপেক্ষায় থেকে চেয়ারম্যান না আসায় সকলে নিজ নিজ বাড়িতে চলে যান। বুধবার সকাল ১০টায় এলাকাবাসী ও অভিভাবকগণ স্কুলে গিয়ে অবস্থান নেন প্রায় ৩ থেকে ৪ শত জন লোক। এদিকে ইউপি চেয়ারম্যান সহকারি শিক্ষা অফিসার মোঃ শামসুল ইসলামকে বলেন, প্রধান শিক্ষককে ৩দিনের ছুটি দিতে। সহকারি শিক্ষা অফিসার প্রধান শিক্ষক ছুটি প্রদান করেন। এই কথা এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান ও শিক্ষা অফিসার এবং সহকারি শিক্ষা অফিসারকে অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘ সময় আলোচনার পর এলাকাবাসীর দাবি মেনে নেন। প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত সিদ্ধান্ত নেন কাহারোল উপজেলা শিক্ষা অফিসার। কাহারোল উপজেলা শিক্ষা অফিসার এমকেএ জিন্নাত আলী জানান, সকলের দাবির মুখে আমি জেলা শিক্ষা অফিসারকে সুপারিশ করেছি প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্য। ইউপি চেয়ারম্যান আ.স.ম মনোয়ারুজ্জামান বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য প্রধান শিক্ষককে ছুটি দিতে বলা হয়েছে। এদিকে প্রধান শিক্ষক প্রফুল্ল চন্দ্র রায়ের সঙ্গে বারবার টেলিফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।