শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক লেগে সোনালী হনুমানের মৃত্যু

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৫:১৯ পিএম
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক লেগে সোনালী হনুমানের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক লেগে একটি সোনালী হনুমানের (এড়ষফবহ খধহমঁৎ) মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আমরইলছড়া চা বাগানের একটি স্থানে বৈদ্যুতিক তারে শক খেয়ে একটি সোনালী হনুমান মাটিতে পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে চা বাগানের লোকজন দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা মাটিতে পড়ে থাকা আহত সোনালী হনুমানটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসেন।

তবে বৈদ্যুতিক শকের কারণে হনুমানটি গুরুতর আহত হওয়ায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়ার আগেই সেটি মারা যায়। পরে নিয়ম অনুযায়ী মৃত সোনালী হনুমানটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বন্যপ্রাণীর আহত ও মৃত্যুর ঘটনা বিভিন্ন এলাকায় ঘটছে। বিশেষ করে বন, চা বাগান ও বন্যপ্রাণীর চলাচলের এলাকাগুলোতে বিদ্যুতের খোলা তার বন্যপ্রাণীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব বলে তারা মনে করেন। সোনালী হনুমান বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিরল বন্যপ্রাণী। বনাঞ্চল ও চা বাগানসংলগ্ন এলাকায় এদের বিচরণ রয়েছে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই প্রাণীর নিরাপত্তায় বন্যপ্রাণীর আবাসস্থল ও চলাচলের পথগুলোতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় পরিবেশকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে