চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার বহুতল ভবন ‘আরএস টাওয়ার’-এর পাঁচতলার বারান্দা ও ছাদসংলগ্ন এলাকায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের স্পর্শে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামে দুই শিশু। শনিবার (৩ অক্টোবর) দুপুরে শহরের নিউ ট্রাক রোড এলাকার ‘আরএস টাওয়ার’-এর পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধ দুই শিশু স্বজনদের সঙ্গে সেখানে বেড়াতে এসেছিল। শিশু ফাইজা লক্ষ্ণীপুরের রায়পুর থানার মৃত মো. ফরহাদের মেয়ে এবং সাব্বির একই এলাকার মো. সুমন মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুরা বাসভবনের পাঁচতলায় খেলার সময় অসাবধানতাবশত ভবনের একেবারেই ঘেষে চলে যাওয়া ৩৩ হাজার ভোল্টের প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। বিকট শব্দের সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে তাদের শরীরের অধিকাংশ অংশ গুরুতর দগ্ধ হয়। বিকট শব্দ ও শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও ভবনের বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করেন।
এলাকাবাসীর অভিযোগ, চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুব কাছাকাছি অপরিকল্পিতভাবে বহুতল ভবন গড়ে উঠেছে। বিদ্যুৎ বিভাগ ও ভবন মালিকদের নিয়মনীতি না মেনে এভাবে ঝুঁকিপূর্ণ স্থাপনা নির্মাণের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, শিশুদের শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।