কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় এক নারীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুরমুজ আলী নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বন্দবের চর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সেলিম মিয়া ও চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ারচর এলাকার তোতা মিয়া এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। সম্প্রতি ওই মামলার রায় সেলিম মিয়ার পক্ষে যায়। এর পর বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখলে নিতে যান সেলিম মিয়া। এ সময় তোতা মিয়ার পক্ষের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষের সময় উভয় পক্ষ ট্রাক্টর ও দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হুরমুজ আলী গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় মোঃ শহীদ আলী, মোঃ রাজা মিয়া ও মোঃ আমিনুল ইসলামসহ অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানা গেছে। তাঁদের স্থানীয়সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের একপর্যায়ে একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রাম পুলিশ শ্রী গোবিন্দ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি।’ ঢুষমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের কারণ ও হতাহতের বিষয়ে পুলিশ তদন্ত করছে।