গাজীপুরের পুবাইলের মাঝুখান এলাকায় ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (৪ আক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, গাজীপুরের মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে আগুন লাগে। সেখানে ববিন, রোলার, প্লাস্টিক, বিভিন্ন কাগজ গুদামজাত করা ছিল।
রোববার দুপুর ১২টা ৪৬ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন নির্বাপণের কাজ চলছে বলে তিনি জানান। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ হবে বলে তিনি জানিয়েছেন।
দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে দুজন শিশু ছিল আগুন লাগার পরপরই তারা বেরিয়ে গেছে বলে জানান। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানিয়েছেন।